কুড়িগ্রামে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বিষয়ক পরামর্শ কর্মশালা

২৬ জুন, ২০২৬

কুড়িগ্রামে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো প্রণয়ন বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রামের চিলমারীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

চিলমারী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর (ফোকাল পয়েন্ট) ড. মো. আকরাম হোসেন চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিসি এক্সপার্ট মাজহারুল আমিন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজা অনিক, চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারী সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার হোসেন, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আলোচনায় জানানো হয়, ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ (বিডিপি ২১০০) জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রণীত একটি শতবর্ষী সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা। নেদারল্যান্ডসের অভিজ্ঞতার আলোকে প্রণীত এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো পানিসম্পদ, ভূমি ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা অর্জন।

কর্মশালায় বক্তারা জানান, দেশের ছয়টি ‘হটস্পট’-এর মধ্যে চিলমারী উপজেলা অন্যতম। এ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। পাশাপাশি কৃষিখাতের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়।