কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন ইআবির ১৪৫ শিক্ষার্থী ও ১০০ প্রতিষ্ঠান

২৬ জুন, ২০২৬

শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং অনন্য কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। এ বছর ১৪৫ জন কৃতী শিক্ষার্থী ও ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান–২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

উপাচার্য বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে ‘এ+’ পাওয়া ১৪৫ জন শিক্ষার্থী এবং নির্বাচিত ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, মাদ্রাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীসহ অন্যান্য কর্মকর্তারা।