নতুন কমিটিকে ঘিরে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

২৬ জুন, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। মিছিল শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কেন্দ্রীয় নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ’, ‘তারেক রহমানের বাহুবল—জাতীয়তাবাদী ছাত্রদল’ এবং ‘তারেক রহমানের সিদ্ধান্ত—চূড়ান্ত, চূড়ান্ত’সহ বিভিন্ন স্লোগান দেন।

আনন্দ মিছিল শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, “নতুন কমিটির নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, হলের খাবারের মান এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সমাধানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।”

নবগঠিত কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রাম, নির্যাতন ও জেল-জুলুমের পর পরীক্ষিত নেতাদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন করায় প্রথমে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। অংশগ্রহণমূলক কমিটি উপহার দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরো বলেন, “ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদল তার গৌরবময় ঐতিহ্য ধরে রাখবে এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।”

প্রসঙ্গত, গত ১৮ জুন ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে সদস্য সচিব করে ১২ সদস্যবিশিষ্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।