‘সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের মতকে অগ্রাহ্য করেছে’

২৬ জুন, ২০২৬

বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের গণভোটের মতকে অগ্রাহ্য করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন এলো না। হয়তো কেউ কেউ বলবেন যে, চার মাসের সরকার- আমরা তো অপেক্ষা করতে পারি। কিন্তু না, ফাউন্ডেশনের ওপরে একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি, একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, দিনটি কেমন যাবে সকালবেলাই তা বলে দেবে।’

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।

ন্যায্য অধিকার না দিলে চুপ নয় বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শফিকুর রহমান।

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার স্বাধীন বিচার বিভাগ চাচ্ছে না। স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছে না। স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছে না। স্বাধীন ভোট কমিশন চাচ্ছে না। স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছে না। এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেসব জায়গা আগের মতো থেকে গেল।’

দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা দুঃখজনক।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এজন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা নিয়ে এসেছি। এর মধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য, কোনো জোটের জন্য নয়, এটা জনগণের দাবি। এই রায় দিয়েছে জনগণ।’