চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

২৬ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আটকরা হলেন- উপজেলার চর ইসলামপুরের মো. নাসির (৪৬) ও শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়ার এলাকার মো. মতিন (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাসির ও মো. মতিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।