ভিনির গোল বাতিলে ফিফায় অভিযোগ করলো ব্রাজিল

২৬ জুন, ২০২৬

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিলের ঘটনায় আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে ব্রাজিল। একই সঙ্গে ভিএআরের সিদ্ধান্তে অসঙ্গতির উদাহরণ হিসেবে লিওনেল মেসির একটি গোলের প্রসঙ্গও তুলেছে তারা। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

মিয়ামিতে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচের ২৪তম মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমে গোলের সিদ্ধান্ত দিলেও পরে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকান রেফারি সেজার রামোস সিদ্ধান্ত বদলে দেন। তিনি মনে করেন, আক্রমণ গড়ে ওঠার সময় ভিনিসিয়াস ফাউল করেছিলেন।

ম্যাচটি সহজেই জিতলেও টুর্নামেন্টে ভিএআরের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, অভিযোগপত্রে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রিয়ার ম্যাচের একটি ঘটনার উল্লেখ করেছে। সেখানে গোলের আগে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জাভার শ্লাগারের ওপর করা চ্যালেঞ্জ ভিনিসিয়াসের ঘটনার সঙ্গে মিল রয়েছে বলে দাবি করেছে সিবিএফ। তবে ওই ঘটনায় কোনো ফাউল ধরা হয়নি এবং লিওনেল মেসির গোল বহাল রাখা হয়েছিল।

সিবিএফের দাবি, ভিনিসিয়াসের গোল বাতিলের সিদ্ধান্ত প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোতে অনুসরণ করা রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের বরাতে প্রতিবেদনে বলেছে, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাতিল হওয়া গোলটি প্রতিযোগিতায় অনুসরণ করা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না।’

এতে আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের কাছেই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের কাছেও অপ্রত্যাশিত মনে হয়েছে। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়, তারা ভিএআর রিভিউ বা গোল বাতিলের সিদ্ধান্ত আশা করেননি।’

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।