বিশ্বকাপের মধ্যেই রেকর্ড দামে অ্যান্ডারসনকে দলে টানল ম্যানচেস্টার সিটি

২৬ জুন, ২০২৬

ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলায় মনোযোগী থাকলেও ক্লাব ক্যারিয়ারে বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। নটিংহ্যাম ফরেস্ট থেকে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে চুক্তি চূড়ান্ত করেছে ম্যানচেস্টার সিটি। ১১৬ মিলিয়ন পাউন্ডের এই ট্রান্সফার বাস্তবায়িত হলে সেটিই হবে সিটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দলবদল।

শিগগিরই অ্যান্ডারসনের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে ইতিহাদ স্টেডিয়ামে স্বাগত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ট্রান্সফার ফি ১১৬ মিলিয়ন পাউন্ড এবং এতে অতিরিক্ত কোনো বোনাস নেই। যদিও বিভিন্ন সূত্র বলছে, বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে চুক্তির মোট মূল্য ১৩০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। সেটি হলে ব্রিটিশ ফুটবলের সবচেয়ে দামি ট্রান্সফারের নতুন রেকর্ড গড়বে এই চুক্তি।

এর আগে অ্যান্ডারসনকে দলে নিতে সিটির দুটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নটিংহ্যাম ফরেস্ট। শেষ পর্যন্ত তৃতীয় প্রস্তাবে রাজি হয় ক্লাবটি। ব্যক্তিগত চুক্তির বিষয়েও বড় কোনো জটিলতা থাকার সম্ভাবনা নেই।

বিশ্বকাপে থাকা অ্যান্ডারসন অবশ্য দলবদল নিয়ে এখনই বেশি ভাবতে চান না। তার ভাষায়, এই মুহূর্তে পুরো মনোযোগ ইংল্যান্ডের হয়ে ভালো খেলার দিকেই। নিজেকে সর্বোচ্চ প্রস্তুত রাখাই তার প্রধান লক্ষ্য।

নিউক্যাসল ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা অ্যান্ডারসন ২০২১ সালে সিনিয়র দলে অভিষেক করেন। ক্লাবটির হয়ে ৫৫টি ম্যাচ খেলার পর ২০২৪ সালে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন। সেই সময় নিউক্যাসলের কোচ এডি হাও এই সিদ্ধান্তকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি বলে উল্লেখ করেছিলেন।

ফরেস্টে যোগ দেওয়ার পর থেকেই অ্যান্ডারসন দ্রুত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার পেছনেও তার বড় অবদান ছিল। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার পর ২০২৪ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে যোগ দেন তিনি। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের সিনিয়র দলের জার্সিতেও অভিষেক হয় তার।