২৬ জুন, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট ইতিমধ্যেই পকেটে পুরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য রূপ নিয়েছে স্রেফ আনুষ্ঠানিকতায়। আর এই সুযোগেই নিজেদের শক্তির গভীরতা মেপে নিতে চান কোচ লিওনেল স্কালোনি। আগামী রোববার ডালাসে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে মূল একাদশের চেনা মুখগুলোকে বিশ্রাম দিয়ে ডাগআউটে বসে থাকা ফুটবলারদের মাঠে নামানোর জোর সম্ভাবনা রয়েছে।
এই রোটেশন নীতির কারণে জর্ডানের বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকতে পারেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। যদিও তিনি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়, তবে কোচের কথা থেকে স্পষ্ট যে তিনি দলের গভীরতা যাচাই করতে চান।
আর্জেন্টিনা কোচ বলেন, “পরিকল্পনা হচ্ছে, স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ দেওয়া। আমি মনে করি, তাদের এটা প্রাপ্য। যে ম্যাচে সুযোগ মিলবে, আমরা তখন পরিকল্পনাটা বাস্তবায়ন করব।”
মেসি যদি শেষ পর্যন্ত মাঠে না নামেন, তবে আক্রমণভাগে সুযোগ পেতে পারেন তরুণ প্রতিভাবান ফুটবলার নিকো পাস। এছাড়া চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেস, নিকোলাস তালিয়াফিকো এবং লেয়ান্দ্রো পারেদেসকে এই ম্যাচে শুরু থেকেই অথবা লম্বা সময়ের জন্য খেলানো হতে পারে। আলভারেস আগের ম্যাচগুলোতে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে তার শুরুর একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি। সেই ম্যাচে তার বদলি হিসেবে নামা অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকেই জর্ডানের বিপক্ষে শুরু থেকে রক্ষণে দেখা যেতে পারে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগকে এখনো তেমন কোনো বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। তাই নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে ব্যাক-আপ ফুটবলারদের প্রস্তুতি এবং বেঞ্চের শক্তিমত্তা যাচাই করার এটাই স্কালোনির জন্য সবচেয়ে বড় সুযোগ। আগামী রোববার ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।