প্রথম সপ্তাহে কত আয় করল শাহিদ-কৃতি-রাশমিকার ‘ককটেল ২’

২৬ জুন, ২০২৬

মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বাজিমাত করল বলিউড অভিনেতা শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘ককটেল ২’। দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে সিনেমাটি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সংস্থাগুলোর সূত্রমতে, মুক্তির সপ্তম দিনে (গতকাল বৃহস্পতিবার) ছবিটির আয় আগের দিনের তুলনায় ২১ শতাংশ কমেছে। এদিন বিশ্বজুড়ে ৮ হাজার ৪৬৯টি শো থেকে আয় করেছে ৪ কোটি ১৫ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৭০ কোটি ৪০ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি ৯৫ লাখ রুপি।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বেশ ভালো সাড়া ফেলছে ‘ককটেল ২’। আন্তর্জাতিক বাজারে সাত দিনে ছবিটির খাতায় যোগ হয়েছে ১ কোটি রুপি। ফলে বিদেশের বাজারের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন এখন ১০৮ কোটি ৯৫ লাখ রুপি। মুক্তির মাত্র সাত দিনেই ১০০ কোটি রুপির ক্লাব পার করেছে। 

২০১২ সালের সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হলেও এবার সম্পূর্ণ নতুন গল্প ও তরুণ তারকাদের নিয়ে হাজির হয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। 

সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই ছোটবেলার বন্ধু ক্রুনাল ও দিয়াকে কেন্দ্র করে। ছুটিতে বেড়াতে গিয়ে ইতালির সিসিলিতে ১০ বছর পর দিয়ার দেখা হয় তার পুরোনো বান্ধবী অ্যালির সাথে। সেখানে নিজের স্বামীকে পরীক্ষা করার জন্য দিয়া একটি পরিকল্পনা করে। বান্ধবীর পরিকল্পনায় অ্যালিও যোগ দেয়। কিন্তু মজার ছলে করা পরিকল্পনা এক সময় তাঁদের সবার জীবনে বিশাল বিপর্যয় ডেকে আনে।

গত ১৯ জুন বড় পর্দায় মুক্তি পায় ‘ককটেল ২’। এই সময়ে বলিউডের অন্য কোনো বড় হিন্দি সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ছবিটি। এই ধারা বজায় থাকলে দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।