পানির পাশাপাশি গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন

২৭ জুন, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে খাল খনন-পরবর্তী সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে খালের দুই পাড়ের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৬ জুন) বিকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

এ সময় তিনি বলেন, পানির পাশাপাশি গাছও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণের যে নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমরা যদি সবুজায়ন, অক্সিজেন ও পানির ভারসাম্য বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতের পরিবেশগত বিপর্যয় থেকেও দেশকে রক্ষা করা সহজ হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগাতে এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী পাঁচ বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের পরিপত্র গ্রামের পুনঃখননকৃত প্রায় দুই কিলোমিটার খালের পাড়ে ‍দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।