২৭ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলের নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে।
তবে অভিযানের সময় তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’