২৭ জুন, ২০২৬
সাগরের গর্জন আর উষ্ণ বাতাসের কুয়াকাটা সমুদ্র সৈকত এখন পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে সৈকতে আগত পর্যটকদের দড়িটানা প্রতিযোগিতা। এতে অংশ নেন রংপুর ও ঢাকার মিরপুর এলাকার পর্যটকরা। তারা সবাই বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শুক্রবার সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় বেড়াতে এসে এই আয়োজন করেন তারা।
দুই দলের মধ্যেই ছিল সমানতালে লড়াই। প্রতিযোগীদের প্রাণপণ টানাটানি, দর্শকদের করতালি ও উল্লাসে পুরো সৈকত প্রাণচঞ্চল হয়ে ওঠে। তবে জয়-পরাজয়ের চেয়ে আনন্দ আর মিলনমেলার আবহই ছিল সবার কাছে মুখ্য। এ সময় সৈকতে ঘুরতে আসা অসংখ্য পর্যটক তাদের দড়িটানা খেলা উপভোগ করেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন। উপস্থিত অনেক পর্যটকই এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
অংশগ্রহণকারী পর্যটকরা জানান, কেবল সমুদ্রসৈকত ঘুরে দেখাই নয়, ভ্রমণে বাড়তি আনন্দ যোগ করতেই তারা এ ধরনের বিনোদনমূলক আয়োজন করেছেন।
পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, পর্যটকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই দড়িটানা প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতের আরও প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে থাকবে।
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পর্যটকদের আনাগোনা বেশি থাকে। প্রায়শই পর্যটকরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে থাকেন। এসব আয়োজন তাদের ভ্রমণকে আরো উপভোগ্য করে।