২৭ জুন, ২০২৬
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে সকালে শহরতলীর সহদেবপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজীব (১৯), একই উপজেলার চর খোয়াজ এলাকার শেখ ফরিদের ছেলে মো. আলমগীর (১৯), চর খোয়াজ এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহিম ইসলাম রিয়াজ (১৯), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ টুমচর এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল ইসলাম (২০), বর্তমানে তিনি সোনাগাজী উপজেলার সুজাপুর বেড়িবাঁধ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন, সোনাগাজী উপজেলার চর খোয়াজ এলাকার নুর নবীর ছেলে মো. নাহিদ রানা (২০) এবং পূর্ব সুজাপুর এলাকার আবদুর মান্নানের ছেলে মো. মাঈন উদ্দিন ওরফে সোহাগ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের ব্যানারে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরতলীর সহদেবপুর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ, দলটির সভাপতি শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগই মুখোশ ও মাস্ক পরিহিত ছিল।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুন সকালেও শহরে স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে ১০ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায়ও ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।