নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ

২৭ জুন, ২০২৬

নেত্রকোনায় বাড়ির পাশের ডোবায় হাঁটু পানিতে মিলল আবু সুফিয়ান রাফি নামের ৫ বছরের এক শিশুর লাশ। খবর পেয়ে পুলিশ হাতপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে। 

শনিবার (২৭ জুন) ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শুক্রবার (২৬ জুন) রাতে জেলার সদর উপজেলার মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে শিশুর মৃত্যুর রহস্য রয়ে গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম উলুয়াটি গ্রামের মতিউর রহমানের ৫ বছর বয়সী ছেলে রাফি বাইসাইকেল চালাতে পারতো। শুক্রবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির পাশেই একটি ডোবার এক কোণায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, সাইকেল চালানো একটি ছেলে ডোবার কোণায় হাঁটু পানিতে ডুবে মরতে পারেনা। তাছাড়া যে পানি ছিলো সেখানে ডুবে যাওয়ার ভয় নেই। শিশুটি দুপুরে খিচুড়ি খেয়েছিলো যা পায়ু পথে বের হয়েছে। শিশুর মা-বাবাও হাসপাতাল থেকে লাশ নিয়ে দাফন করতে চাইলে খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মডেল থানার পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হাস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার। এ ব্যাপারে জানতে শিশুর বাবা মতিউরের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। 

সদর মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, আমরা হাসপাতাল থেকে খবর পেয়েছি। লাশের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।