ডিমলায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

২৭ জুন, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর ডিমলার খালিশা চাপানী ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের অংশগ্রহণে এক শিক্ষামূলক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকালে ডালিয়া আর্দশ বালিকার উচ্চ বিদ্যালয় মাঠে  সংগঠনের আদর্শ, সাংগঠনিক দায়িত্ব, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আলোচনা রাখেন জেলা ইউনিট সদস্য মাওলানা মহিউর রহমান, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী রুকনুজ্জামান বকুল।

বক্তারা বলেন, একজন দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শ, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতায় নিজেকে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা চাপানী ইউনিয়ন শাখার আমীর মাওলানা আসাদুজ্জামান। শিক্ষা শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।