২৭ জুন, ২০২৬
তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। কাছে পেলে তো মাত্রা ছাড়ায়। কখনও হয়ে উঠে বিড়ম্বনায় কারণ। এরকম এক ভয়াবহ ঘটনা ঘটেছিল টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এক ভক্ত কামড়ে তার ঠোঁট ছিড়ে রক্তাক্ত করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনাটি নব্বই দশকের। সে সময় প্রসেনজিৎ-দেবশ্রীর ‘পুরুষোত্তম’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। সিনেমাটির প্রচারে কলকাতার কলকাতার ডানলপের বিখ্যাত ‘সোনালী’ সিনেমা হলে গিয়ে এমন পরিস্থিতির শিকার হন অভিনেতা।
প্রসেনজিৎকে এক নজর দেখতে ভিড় লেগে যায় সিনেমা হলে। অনুরাগীরা ঘিরে ধরেন। সেখান থেকে আচমকা ওই তরুণ ছিটকে আসেন বুম্বাদার সামনে। কিছু বুঝে ওঠার আগেই প্রিয় তারকার ঠোঁটে মারাত্মক ও সজোরে চুমু খেয়ে বসেন!
তবে ভক্তের উন্মাদনা ও উত্তেজনা এতটাই ছিল যে সেই চুমু রূপ নেয় কামড়ে। প্রসেনজিতের ঠোঁটের খানিকটা মাংস কেটে রীতিমতো ঝুলে পড়েছিল। রক্তের ফিনকি ও প্রচণ্ড যন্ত্রণায় তখন স্পটেই ছটফট করেছিলেন অভিনেতা।
১৯৯২ সালের সে ঘটনা এক সাক্ষাৎকারে বলতে গিয়ে হেসে দেন অভিনেতা। বিষয়টি সে সময় যন্ত্রণার হলেও আজ যেন পুলকিত অভিনেতা। ঘটনাটিকে অর্জনের ঝুলিতে প্রাপ্তি হিসেবে রাখতে চান মি. টলিউড।