পুরান ঢাকায় পরিচ্ছন্নতাকর্মী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪

২৮ জুন, ২০২৬

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ‘পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাঁকে হত্যা করা হয়।

’ 

গ্রেপ্তার একজনের নাম মো. রাশেদ (২০)। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক।   

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নামের ওই যুবককে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।