যশোরে সড়কে ঝরে গেল স্কুলশিক্ষকের প্রাণ

২৮ জুন, ২০২৬

যশোরের হাশিমপুর বাজারের পাশে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নাকে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামে। তার বাবার নাম লুৎফর মোল্লা।

সেলিম রেজার চাচাতো ভাই জাহিদুর রহমান সময় সংবাদকে জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোরে থাকতেন। তিনি লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি শহর থেকে সকালে স্কুলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের কাছে এলে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।