বিশ্ববিখ্যাত রোবোসাব ২০২৬-এর সেমিফাইনালে রুয়েট

২৮ জুন, ২০২৬

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট প্রতিযোগিতা রোবোসাব ২০২৬-এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রোবোনেশন আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩৫ কেজি ওজনের স্বয়ংক্রিয় পানির নিচের রোবট ‘হাঙর ২.০’ নিয়ে অংশগ্রহণ করে দলটি এ সাফল্য অর্জন করেছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের রোবোসাব প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৮টি দল নিবন্ধন করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কর্নেল বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া টেক, বিভিন্ন আইআইটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশল ও গবেষণা প্রতিষ্ঠানের দল রয়েছে। এসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত দলের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে সেমিফাইনালে জায়গা করে নেওয়াকে রুয়েটের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য অংশগ্রহণকারী দলগুলোকে পানির নিচে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি নির্ধারিত গেট অতিক্রম, একটি বারকে প্রদক্ষিণ এবং পুনরায় নির্ধারিত স্থানে ফিরে আসার চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়। ‘বেঙ্গলসাব’ তাদের রোবটের মাধ্যমে নির্ধারিত এ মিশন সফলভাবে সম্পন্ন করে সেমিফাইনাল পর্বে উত্তরণের যোগ্যতা অর্জন করে।

এ বছর বাংলাদেশ থেকে মোট চারটি দল প্রতিযোগিতায় নিবন্ধন করে। এর মধ্যে রুয়েটের ‘বেঙ্গলসাব’ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। অন্য দুটি দলের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

দলটির সদস্যরা জানান, গত বছরের অভিজ্ঞতা, দীর্ঘদিনের গবেষণা, পরিকল্পনা এবং নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

রুয়েটের প্রতিনিধিত্বকারী দলের সদস্যরা হলেন—তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দলনেতা সুদীপ্ত মণ্ডল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার রাদওয়ানুর রহমান, সিরাজুম মুনির, আসাদুল্লাহ আল গালিব ও রাহুল দেবনাথ।

দলটি গত ২৪ জুন রাত ৯টা ১৮ মিনিটে তাদের প্রথম প্রচেষ্টা জমা দেয় এবং ২৫ জুন তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। সংশ্লিষ্টদের মতে, রোবোসাবের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া বাংলাদেশের পানির নিচের স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর।