২৮ জুন, ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরির অভিযোগে বগুড়ায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ের ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য এবং রান্নার সরঞ্জাম রাখা হয়েছে।
ফ্রিজের ভেতর কাঁচা মাছ-মাংসের সঙ্গেই খোলা অবস্থায় রাখা হয়েছে টক দই ও বিভিন্ন মসলাজাতীয় খাবার।
এছাড়া রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোর রুমে নষ্ট ও ফাংগাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি রান্নাঘর ও স্টোর রুমজুড়ে ইঁদুরের অবাধ বিচরণ এবং খাদ্য সরবরাহের সরঞ্জামাদির ওপর এগুলোর মলমূত্র পড়ে থাকতে দেখা যায়। এসব অপরাধে কাচ্চি ডাইন কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ বগুড়া র্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা।