২৯ জুন, ২০২৬
‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনি এক চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে মারধর এবং হত্যার হুমকির অভিযোগ তুলেছেন। ভারতের মধ্যপ্রদেশে একটি সিনেমার শুটিং চলাকালীন বকেয়া পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মারধরের বিষয়টি জানিয়েছেন।
ভিডিওতে অভিনেতা সত্যেন্দ্র অভিযোগ করেন, টানা আট দিন শুটিং করার পরও তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি। নিজের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আমার নাম সত্যেন্দ্র সোনি। আমি একজন অভিনয়শিল্পী। এখানে একটি সিনেমার শুটিং করতে এসেছিলাম, যার পরিচালক পুষ্পেন্দ্র সিং। তিনি আমাকে চুক্তি সইয়ের সময় ৫০ হাজার রুপি অগ্রিম দিয়েছিলেন এবং বলেছিলেন বাকি টাকা শুটিং শেষে পরিশোধ করা হবে। আজ শুটিংয়ের আট দিন পূর্ণ হলো, কিন্তু যখনই আমি টাকার কথা বললাম, তিনি আমাকে তল্পিতল্পা গুটিয়ে হোটেল ছেড়ে চলে যেতে বলেন। এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। বলছেন—হোটেলের আশেপাশে যেন আমাকে আর না দেখা যায়।’
ঘটনার বিস্তারিত উল্লেখ করে সত্যেন্দ্র আরও জানান, তিনিসহ আরও দুই সহকর্মী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন পরিচালক ও তাঁর স্ত্রী গাড়ি নিয়ে তাঁদের তাড়া করেন। প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করা হয়। এ ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমরা তিনজন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁরা গাড়ি নিয়ে আমাদের তাড়া করেন। পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহান আমাকে দেখা মাত্রই মাঝরাস্তায় মারধর শুরু করেন। এ সময় শ্রীধর নামের একজন সহকর্মী আমাকে বাঁচাতে এগিয়ে এলে ওই পরিচালক তাঁকেও মারধর শুরু করেন।’
সর্বশেষ অভিনেতা সত্যেন্দ্র জানিয়েছেন, তারা সবাই নিরাপদে মুম্বাইয়ে ফিরে এসেছেন। একটি রেল স্টেশন থেকে ভিডিও শেয়ার করে তিনি মধ্যপ্রদেশ পুলিশ এবং শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সত্যেন্দ্র সোনি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘ডক্টর জি’, ‘বাওয়াল’, ‘রাত আকেলি হ্যায়’ এবং ‘হ্যালো বাচ্চো’। তবে কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। সিনেমাটি অস্কারের আসরে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছিল।