২৯ জুন, ২০২৬
পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে এবং গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ি (ইভি) ক্রয়ে সহজ অর্থায়ন সুবিধা দিতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও বিওয়াইডি বাংলাদেশ।
এই চুক্তির আওতায় এমটিবির গ্রাহকরা বিওয়াইডির গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ অফার, আকর্ষণীয় সুদহারে ঋণ সুবিধা এবং দ্রুততম সময়ে ঋণ অনুমোদনের সুযোগ পাবেন।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে সিজি রানার বিডি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
এমটিবির পক্ষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন এবং সিজি রানার বিডি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আমীদ সাকিফ খান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এমটিবির হেড অব রিটেইল বিজনেস তাহসিন শহীদ, সিজি রানার বিডি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা ফেরদৌস উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্ব পরিবেশবান্ধব ব্যাংকিং ও টেকসই অর্থায়নের প্রতি এমটিবির অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগেও ভূমিকা রাখবে।