২৯ জুন, ২০২৬
হারারে টেস্টের প্রথম দিনে একেবারেই বাজে অবস্থা বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে টাইগারদের ইনিংস। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকান মুমিনুল হক। জবাবে দিন শেষে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে।
পরে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যাটিং এবং আউটের ধরন নিয়ে আফসোস করে মুমিনুল হক বলেন, ‘আসলে আমার কাছে মনে হয় না খুব কঠিন দিন ছিল। বেশিরভাগ আউটই সফট ডিসমিসাল ছিল। তারা অনেক ভালো বল করেছে। তবে আমরা নিজেদের প্ল্যানটা কাজে লাগাতে পারিনি। বেশিরভাগ সময় আমরা সফট ডিসমিসালেই আউট হয়েছি।’
কন্ডিশন কতটা কঠিন ছিল মুমিনুল জানান, ‘আমার মনে হয় প্রথম ঘণ্টা কিছুটা কঠিন ছিল। ভালো সুইং, সিম এবং এক্সট্রা বাউন্স ছিল। আমি এবং শান্ত ভালো একটি জুটি গড়েছিলাম। বাকিরা আসলে সেভাবে প্ল্যানটা কাজে লাগাতে পারেনি। বেশিরভাগ সময় সফট ডিসমিসাল হয়েছে।’
পরে ব্যাটিং নিয়ে মুমিনুল বলেন, ‘জিম্বাবুয়ে আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। এক উইকেট হারিয়ে আমাদের রানের প্রায় কাছাকাছি চলে গেছে। যদি আমরা তাদেরকে আর ১০০ রানের মধ্যেই থামাতে পারি, দারুণ ব্যাপার হবে।’
বোলারদের নিয়ে মুমিনুল জানান, ‘আমাদের বোলাররা স্ট্যাম্প সোজা বল করেনি, এলোমেলো বল করেছে তাই রান দিয়েছে। জিম্বাবুয়ের বোলাররা সঠিক জায়গায় বল করেছে, তাই উইকেট নিয়েছে।’