২৯ জুন, ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে রাজি নন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি।
আর তাই এই মুহূর্তে ফুটবলবিশ্বের সবচেয়ে বড় কৌতূহল, জাপানের বিপক্ষে কি শুরুর একাদশে ফিরছেন নেইমার জুনিয়র? তবে ব্রাজিলিয়ান শিবির থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, উত্তরটা আপাতত সমর্থকদের জন্য ‘নেতিবাচক’।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে প্রথম একাদশের আট ফুটবলারকে পুরোদমে বিশ্রাম দিয়ে জিমে রিকভারি সেশনে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ানের মতো তারকাদের মাঠে কঠোর অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ প্রস্তুতি সেশনে অবশ্য পুরো দলই একসঙ্গে অংশ নেয়।
এরপরই জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচের ভেন্যু হিউস্টনে উড়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমার কি ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি? ব্রাজিলের ফিটনেস ট্রেইনাররা কোচিং স্টাফকে যে রিপোর্ট দিয়েছেন, তা খুব একটা স্বস্তির নয়। বিশেষ করে নকআউট পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও ফিরে পাননি এই পোড়খাওয়া তারকা। ফলে জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চান না আনচেলত্তি।
আপাতত পরিকল্পনা হলো, ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধে ট্রাম্পকার্ড বা সুপার-সাব হিসেবে মাঠে নামানো হতে পারে নেইমারকে।
এদিকে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নেইমারকে কেন্দ্র করে একটি ছোটখাটো বিতর্কও দানা বেঁধেছিল। স্কটল্যান্ড ম্যাচে এই ফরোয়ার্ডকে মাঠে নামানোর ঠিক আগ মুহূর্তে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে ডেভিডের মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই চাউর করে দেন, নেইমারকে নামানোর সিদ্ধান্তে খুশি ছিলেন না প্রধান কোচের এই সহকারী ও পুত্র। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের তোপের মুখেও পড়েন তিনি।
তবে পরিস্থিতি জলঘোলা হওয়ার আগেই ড্যামেজ কন্ট্রোলে নামেন ডেভিড আনচেলত্তি। এক ব্যাখ্যায় তিনি জানান, ওই সময় তিনি আরেক সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে মাঠের সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল নিয়ে কথা বলছিলেন। নেইমারকে বদলি হিসেবে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার সেই অঙ্গভঙ্গির দূর-দূরান্তের কোনো সম্পর্ক ছিল না।
নেইমারের অফ-ফর্ম ও ফিটনেস ঘাটতির দিনে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা করে নেওয়ার লড়াইটাও জমে উঠেছে বেশ। বাঁ প্রান্তে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা প্রায় পাকা। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও প্রথম একাদশে ঢুকতে মরিয়া। এর ওপর চোট কাটিয়ে উইঙ্গার রাফিনহার ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে।