জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ৮৫৬ বৃক্ষ বিতরণ

২৯ জুন, ২০২৬

জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া গেজেটভুক্ত ৮৫৬ জনের স্মরণে ৮৫৬টি বৃক্ষের চারা বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

রোববার (২৮ জুন) রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা এখন শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। কার্বন নিঃসরণ কমানো এবং বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন বৃদ্ধি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ প্রতিদিন প্রায় ২২০ লিটার অক্সিজেন সরবরাহ করে, যা মানুষের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছাত্রশিবির সভাপতি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দূষণপ্রবণ দেশ। বিশেষ করে রাজধানী ঢাকায় বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা খালি জায়গায় উপকারী গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতি বছর দেশব্যাপী লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ৮৫৬টি বৃক্ষ বিতরণের উদ্যোগ নিয়েছে। এটি কেবল প্রতীকী কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার একটি প্রয়াস। 

ছাত্রশিবির সভাপতি পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় সরকার, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতিকে ধারণ করেই ছাত্রশিবির একটি সবুজ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও দনিয়া কলেজ শাখার নেতারা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। জুলাই অভ্যুত্থানের গেজেটভুক্ত ৮৫৬ জন শহীদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।