নাতি জামাইয়ের হাতে নানা শ্বশুর খুন, একদিন পরও মামলা হয়নি

২৯ জুন, ২০২৬

বগুড়ার কাহালুতে জমি নিয়ে বিরোধে নাতি জামাই ও তার ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার একদিন পার হলেও সোমবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

এর আগে, রবিবার বিকালে উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন অভিযুক্তের শ্বশুর শহীদুল ইসলাম।

জানা গেছে, জমিজমা নিয়ে মকবুল হোসেনের পরিবারের সাথে তার আপন নাতি জামাই শাকিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার দুপুরে শাকিল ও তার ছোট ভাই সবুজ ধারালো হাসুয়া নিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। এ সময় মকবুল হোসেনকে বাঁচাতে এগিয়ে এলে শাকিলের শ্বশুর শহীদুল ইসলামকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শহীদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত শাকিল ও সবুজ একই এলাকার বাসিন্দা।

শাকিল আহত শহীদুল ইসলামের মেয়ে সুমাইয়ার স্বামী এবং নিহত মকবুল হোসেনের আপন নাতি জামাই। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত শাকিল ও সবুজ পলাতক রয়েছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।