২৯ জুন, ২০২৬
গ্রাহকদের সুবিধার্থে ফুডি তাদের অ্যাপে যুক্ত করেছে বাংলা কিউআর পেমেন্ট অপশন। এর মাধ্যমে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের ইন্টারঅপারেবল কিউআর সিস্টেম ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবেন। এমএফএস ও ব্যাংকিং অ্যাপ, দুই ধরনের ব্যবহারকারীই এখন ফুডিতে ক্যাশলেস পেমেন্টের সুযোগ পাবেন।
ফুডিতে কাস্টমার যদি বাংলা কিউআর অপশন সিলেক্ট করেন, তাহলে ডেলিভারির সময় রাইডার একটি বাংলা কিউআর কোড দেখাবেন। সেই কোড স্ক্যান করে গ্রাহকরা বিকাশ, নগদ, রকেট অথবা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর সঙ্গে যুক্ত যেকোনো ব্যাংক অ্যাপ থেকে পেমেন্ট সারতে পারবেন। ফুডির আগের পেমেন্ট পদ্ধতিগুলোর পাশাপাশি এই অপশনটি যুক্ত হয়েছে, কোনো পদ্ধতি বাতিল করা হয়নি।
এই ফিচারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন তারা, যারা সাধারণত ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন। আগে অর্ডার হাতে পেয়ে নগদ টাকায় বিল মেটাতে হতো, এখন সেই জায়গায় শুধু কিউআর কোড স্ক্যান করলেই কাজ শেষ। ফলে রাইডার আসার আগে খুচরা টাকা জোগাড় করার ঝামেলাও থাকছে না।
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের একটি একক কিউআর পেমেন্ট সিস্টেম। আলাদা আলাদা ব্যাংক, এমএফএস বা পেমেন্ট প্রোভাইডারের কোড নিয়ে চিন্তা না করে, একটিমাত্র কোড দিয়েই এখন যেকোনো মার্চেন্টকে টাকা দেওয়া যায়। ২০২৫ সালের শেষ পর্যন্ত এই সিস্টেমের আওতায় এসেছে প্রায় ৯ লাখ ৬৩ হাজার মার্চেন্ট এবং এর মাধ্যমে লেনদেন হয়েছে ২,৭০০ কোটি টাকার বেশি।
এই উদ্যোগ নিয়ে ফুডি এক্সপ্রেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা ফুডি অ্যাপে বাংলা কিউআর যুক্ত করেছি, যাতে গ্রাহকরা নিরাপদ ও সুবিধাজনকভাবে পেমেন্ট করতে পারেন, আর এটি বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী উদ্যোগের সঙ্গেও পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে গ্রাহকরা এখন ডেলিভারির সময়ই যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ দিয়ে তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশ যেহেতু ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও চাই আমাদের গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজলভ্য করতে।
ফুডি গ্রাহকরা চাইলে আগের পেমেন্ট পদ্ধতিগুলোও ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছেমতো ক্যাশ অন ডেলিভারি ও বাংলা কিউআরের মধ্যে পরিবর্তন করতে পারবেন।