বেরোবিতে ভিসি-রেজিস্ট্রারসহ প্রশাসনিক কর্মকর্তাদের সকলকে ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার দাবি

২৯ জুন, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধানসহ প্রশাসনিক দায়িত্বে থাকা সব শিক্ষক ও কর্মকর্তাকে ফিঙ্গারপ্রিন্টভিত্তিক উপস্থিতি ব্যবস্থার আওতায় আনার দাবি তুলেছেন কর্মকর্তাদের একটি অংশ।

কর্মকর্তাদের এক সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানান, প্রশাসনিক পদে থাকা সবাইকে একই নিয়মের আওতায় আনতে হবে। এছাড়া কর্মকর্তাদের পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ও সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তারা বলেন, প্রশাসনিক পদে থাকা সবাইকে ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনতে হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা ফিঙ্গারপ্রিন্টে উপস্থিতি নিশ্চিত করেন। ইউজিসির চেয়ারম্যানও ফিঙ্গারপ্রিন্টে উপস্থিতি দেন। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বৈষম্য কেন থাকবে?

এ বিষয়ে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সাধারণ সম্পাদক মামদুদুর রহমান বলেন, আমরা মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সব কর্মকর্তাকে ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার কথা বলেছি। আমরা তো বলিনি যে ফিঙ্গারপ্রিন্টে উপস্থিতি দেব না। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ সব প্রশাসনিক কর্মকর্তাকে এই ব্যবস্থার আওতায় আনতে হবে। আমরা তো বিশ্ববিদ্যালয়ের আইনের বাহিরে কিছু বলেনি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, তাহলে কর্মকর্তা ও শিক্ষক সবাই ভাই-ভাই। এখন থেকে কর্মকর্তারাও ক্লাস নেবেন, পরীক্ষা নেবেন এবং খাতা মূল্যায়ন করবেন।