নড়াইলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা

৩০ জুন, ২০২৬

নড়াইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে মারধর, গালিগালাজ এবং সরকারি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৮ জুন) রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বাদী হয়ে জিসানুর রহমান (৩০) নামে এক যুবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলাটি করেন। জিসানুর রহমান সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জিসানুর রহমান প্রায়ই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিভিন্ন তথ্য চাইতেন। তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে তিনি কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের গালিগালাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, রবিবার বিকেলে জিসানুর রহমান অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে জেলার সুবিধাভোগীদের তালিকা দাবি করেন। এ সময় এর আগে একাধিকবার তথ্য দেওয়া হয়েছে বলে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মেরে নাক, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে কার্যালয়ের কর্মচারীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা কার্যালয়ের টেবিলে থাকা প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের সরকারি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর ভাঙচুর করেন এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করেন। ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জিসানুর রহমান বলেন, তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রদর্শনীর সুবিধাভোগীদের নামের তালিকা চেয়েছিলেন। তথ্য না দিয়ে তাকে জোরপূর্বক কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হলে কর্মচারীরা তাকে মারধর করেন। ধস্তাধস্তির সময় যে কারও হাতে লেগে কম্পিউটার ভেঙে যেতে পারে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, "আমি কেন কর্মকর্তাকে মারতে যাব?"

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের দায়ের করা এজাহারের ভিত্তিতে রবিবার রাতে মামলাটি রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।