একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৩০ জুন, ২০২৬

রংপুরের বদরগঞ্জ উপজেলায় একদিনে নারী ও কিশোরসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বজ্রপাতে নিহত এক যুবক, সড়ক দুর্ঘটনায় এক কিশোর, আত্মহত্যা করা এক কিশোর, রহস্যজনকভাবে মৃত এক গৃহবধূ ও এক যুবক এবং হত্যা সন্দেহে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহ। এদের মধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বজ্রপাতে ফেরদৌস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। বৃষ্টির সময় একটি ঘরে অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয় (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে মাঠ থেকে জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সকালে উপজেলার উত্তর মোকসেদপুর ধাপপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়। সে ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায়ও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বসতঘর থেকে হৃদয় বাবু (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর কুতুবপুর ইউনিয়নের নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পারভীন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয় ও পারভীনের মরদেহও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, একদিনে ছয়টি মৃত্যুর ঘটনাই অস্বাভাবিক। এর মধ্যে তিনটি ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি ঘটনায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, জাহিদুল ইসলামকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।