৩০ জুন, ২০২৬
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২৯ জুন) দুপুরে এক জরুরি ফোনকল পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট নিয়ে ১০ জেলে সাগরে মাছ ধরতে যান। সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম দিকের গভীর সাগরে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেটি সাগরে ভাসতে থাকে।
সাগরে ভাসমান অবস্থায় দুপুর ১টার দিকে ট্রলারে থাকা এক মাঝি মুঠোফোনে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টে কল করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ডের একটি দল। পরে ভাসমান অবস্থায় বোটটিসহ ১০ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে নিয়ে আসা হয়।
সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে ফিশিং বোটটিসহ ওই ১০ জেলেকে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগে ত্রাণ সহায়তা এবং সাগরে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও এ ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে বলে জানান এই কর্মকর্তা।