গলায় বাদাম আটকে প্রাণ গেল ৩ বছরের শিশুর

৩০ জুন, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে অবস্থানকালে নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।

পরিস্থিতি গুরুতর দেখে দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হন স্বজনরা। তবে পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।