বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

০১ জুলাই, ২০২৬

মেহেরপুরে সিফাত ফকির নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সিফাত ফকির তার বাবাকে হত্যার দায়ে মঙ্গলবার বিকালে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় প্রদান করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাতে গাংনী উপজেলার নিজ বাড়িতে খুন হন মনির উদ্দীন। রাতের খাবার শেষে তিনি বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্বে থাকা এসআই এস এম বুলবুল আহাম্মেদ তদন্ত শেষে নিহতের ছেলে সিফাত ফকিরের সম্পৃক্ততার প্রমাণ পান। 

তদন্ত চলাকালে সিফাত ফকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ২০১৯ সালের ৩০ জুন তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. নজরুল ইসলাম জানান, বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। শুনানিকালে আসামি নিজেকে নির্দোষ দাবি করলেও সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।