সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

০১ জুলাই, ২০২৬

২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পান তৎকালীন সহকারী কোচ লিওনেল স্কালোনি। শুরুতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করে স্থায়ীভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি।

এরপর থেকেই আলবিসেলেস্তেদের ইতিহাসে যুক্ত হয়েছে একের পর এক সাফল্য। এবার সেই সাফল্যময় যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন স্কালোনি।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটি হবে স্কালোনির ১০০তম ম্যাচ।

স্কালোনির কোচ হওয়ার শুরুটা মোটেও সহজ ছিল না। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার সময় বড় কোনো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল না তার। খেলোয়াড়ি জীবনেও তেমন উল্লেখযোগ্য সাফল্য না থাকায় অনেকেই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে সময়ের সঙ্গে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি মাঠের ফলাফল দিয়েই। ২০১৮ বিশ্বকাপের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যাত্রা শুরু করা সাবেক এই রাইট ব্যাক গত আট বছর ধরে আর্জেন্টিনার ডাগআউট সামলাচ্ছেন।

এ পর্যন্ত তার অধীনে আর্জেন্টিনা খেলেছে ৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭২টিতে, ড্র হয়েছে ১৮টি এবং হার মাত্র ৯টিতে। অসাধারণ এই পরিসংখ্যান সত্ত্বেও শততম ম্যাচের আগে নিজের অনুভূতিতে কোনো পরিবর্তন দেখছেন না স্কালোনি।

তিনি বলেন, প্রথম দিনের মতোই এখনও প্রতিটি ম্যাচের আগে একই রকম উত্তেজনা অনুভব করি। মাঠে নামার আগে ভেতরে এক ধরনের চাপ ও রোমাঞ্চ কাজ করে। এটা স্বাভাবিক অনুভূতি।

তিনি আরও বলেন, কোনো ম্যাচকেই নির্ভারভাবে নেওয়ার সুযোগ নেই। সব সময় নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামে আর্জেন্টিনা।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফিখরা কাটায়। এরপর ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয় করে দলটি। একই বছরে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের সবগুলো ম্যাচ জিতে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

এরপরও সাফল্যের ধারা থেমে থাকেনি। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে স্কালোনির দল। আর এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেই অভিযানের মধ্যেই কোচ হিসেবে নিজের শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন স্কালোনি।

এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করা কোচদের তালিকায় আরও এগিয়ে যাবেন তিনি। বর্তমানে ১২৪ ম্যাচ নিয়ে শীর্ষে রয়েছেন গুইলের্মো স্তাবিলে। আর বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি ও কার্লোস বিলার্দো সমান ৭৯টি করে ম্যাচে দলকে কোচিং করিয়েছেন।