ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

০১ জুলাই, ২০২৬

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‍“মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২১টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। এর মধ্যে গুলশান থানার একটি প্রতারণা মামলায় তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

বিপুল পরিমাণ গ্রাহকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আলোচিত ই-অরেঞ্জের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।