০১ জুলাই, ২০২৬
সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশের পাশাপাশি মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবির ক্যাপশনে সামান্থা লেখেন, ‘আমার সিক্স প্যাক। আবার দেখা হবে, যখন হওয়ার কথা।’
এর আগে ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন সামান্থা। তিনি জানালেন, বর্তমান কাজগুলো শেষ করার পর কিছুদিন বিরতি নেবেন অভিনয় থেকে।
সে সময় সামান্থা বলেন, ‘মা ইন্টি বাঙ্গারামের পর আমাকে কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। আমার বর্তমান শারীরিক অবস্থার কারণে যেতে হবে মাতৃত্বকালীন ছুটিতে। এরপর আবার নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের কাছে ফিরব।’
কয়েক দিন ধরেই সামান্থার গর্ভধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল নানা জল্পনা-কল্পনা। ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর অনেক অনুরাগী তার বেবি বাম্প লক্ষ্য করে এ বিষয়ে শুরু করেন আলোচনা।
২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে সদগুরুর ঈশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন সামান্থা ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু।
এর আগে একসঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ধারাবাহিকে কাজ করেছেন তারা। পরে বিশ্ব পিকলবল লিগ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছিলেন সামান্থা। সে সময় আলোচনা শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে। ওই ছবিতে রাজ নিদিমোরুকেও দেখা যায় তার পাশে। সম্প্রতি মা ইন্টি বাঙ্গারাম ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা।