০১ জুলাই, ২০২৬
রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসএই) মো. সাজ্জাত।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত ওই পিকাপ চালকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এসআই মো. সাজ্জাত জানায়, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেয়া হলে দুপুর ২টার দিকে দিকে যান চলাচল স্বাভাবিক হয়।