০১ জুলাই, ২০২৬
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার হাটচন্দ্রার এলাকা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত দুইদিন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই যুবককে হাটচন্দ্রা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। বুধবার হাটচন্দ্রা এলাকায় ফসলের মাঠে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হচ্ছে।