০১ জুলাই, ২০২৬
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবু হানিফ অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম।
পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় অপু ও সাব্বির নামে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। ঘটনাটি আলোচনায় এলে জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় বুধবার ভোরে আবু হানিফ অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত বলে পুলিশের দাবি করা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আবু হানিফ অপু একটি সংঘবদ্ধ অপরাধচক্রের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।