নারায়ণগঞ্জে নাগরিক সেবার মান ও গতি বাড়াতে জেলা প্রশাসনের গণশুনানি

০১ জুলাই, ২০২৬

 

নাগরিক সেবার মান ও গতি বাড়াতে এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলা প্রশাসক বলেন, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানির জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে। এ সময় সাধারণ মানুষ সরাসরি এসে তাদের অভিযোগ, সমস্যা ও আবেদন জানাতে পারবেন।

তিনি বলেন, “আজ বিভিন্ন বিষয়ে ১০ থেকে ১২ জন সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলেছি। এ ছাড়া সপ্তাহজুড়েই অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকে। এই দুই ঘণ্টা একান্তভাবে জনগণের কথা শোনার জন্য নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসনের দরজা সব সময় জনগণের জন্য উন্মুক্ত। যে কোনো নাগরিক প্রয়োজন হলে সরাসরি এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন।”

জেলা প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে জনগণকে এক জায়গায় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান।