সিংড়ায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

০২ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনিক ভবন এলাকায় এই সহায়তা বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ইউসিসিএ লিমিটেড এর সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা খাইরুজ্জামান ছিটু প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের মাঝে ৫৮ বান্ডিল ঢেউটিন ও নগদ একলাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।