বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

০২ জুলাই, ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে এম আওলাদ হোসেন। বুধবার (১ জুলাই) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালে তিনি উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেন। এরপর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক সম্প্রসারণ ও লক্ষ্যমাত্রা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগ দেওয়ার আগে কে এম আওলাদ হোসেন দীর্ঘ ১৭ বছর ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।

তিন দশকেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন তিনি। তার ব্যাংকিং ক্যারিয়ারের মেয়াদ ৩৩ বছরেরও বেশি।

শিক্ষাজীবনে কে এম আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।