এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন জামায়াত আমির

০২ জুলাই, ২০২৬

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সফলতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শিক্ষার্থীদের মেধা শাণিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ করে দেন।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের যত্ন নেওয়া এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিবৃতিতে জামায়াত আমির পরীক্ষার্থীদের প্রয়োজনীয় অনুমোদিত উপকরণ সঙ্গে রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যানজট ও সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।