০২ জুলাই, ২০২৬
সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং শহরের জলবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে মতবিনিময় এবং স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক কমিটি।
বুধবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কক্ষে ২১ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক নেতা কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার সামগ্রিক অর্থনৈতিক অবদান বিবেচনা করে এবং ভৌগোলিক ঝুঁকি দূর করতে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলামের হাবিব অবিলম্বে এই ২১ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন বলে নাগরিক নেতারা আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে আগামী বর্ষা মৌসুমের আগে যেন উপকূলের বেড়িবাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।
জেলা নাগরিক কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে, সুন্দরবন উপকূলীয় এলাকাকে ‘দুর্যোগ প্রবণ এলাকা’ ঘোষণা করা, টেকসই উন্নয়নের জন্য ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ (বর্তমান সেশন) থেকে চালু করা, সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করা, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমাতে মাওয়া-ভাঙ্গা-নড়াইল-নবমুখী-চুকনগর-সাতক্ষীরা সড়ক নির্মাণ করা অন্যতম।