ট্রাম্পের ইরান যুদ্ধ সবার ক্ষতি করছে- ম্যাকগার্ভি

০২ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘সবার ক্ষতি করছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসম্যান মরগান ম্যাকগার্ভি।
স্থানীয় সময় বুধবার ডেমোক্র্যাটিক পার্টির এ কংগ্রেস সদস্য সামাজিকমাধ্যম এক্সে এমন পোস্ট দিয়েছেন তিনি।
ম্যাকগার্ভি মূলত এর আগে দেওয়া ট্রাম্প প্রশাসনের কৃষিমন্ত্রীর একটি পোস্টকে ভিত্তি করে মন্তব্যটি করেন।
যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সম্প্রতি বলেছেন, ইরান যুদ্ধ আমেরিকান কৃষকদের ক্ষতি করেছে।
তিনি লিখেছিলেন, আমেরিকায় সারের দাম এখনও অনেক বেশি। কৃষি উপকরণের উচ্চমূল্যের কারণে কৃষকরা হিমশিম খাচ্ছে।
রোলিন্সের এ বক্তব্যকে সমর্থন করে কংগ্রেসম্যান মরগান ম্যাকগার্ভি আরও লিখেছেন, ট্রাম্পের ইরান-যুদ্ধ সবারই ক্ষতি করছে—এমনকি তার নিজের প্রশাসনও তা অস্বীকার করতে পারে না।
মধ্যপ্রাচ্যের সংকট আমেরিকার জীবনযাত্রায় বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। এসব কারণে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প বড় ধরণের ধাক্কা খেতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।