০৩ জুলাই, ২০২৬
অনেক দিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে আবারও ফিরছেন শাকিব খান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গেল বছরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ টিমের সঙ্গে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ছবির বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান।
তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।
এদিকে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান।
কালের কণ্ঠকে এই নির্মাতা বলেন, ‘কিছুক্ষণ আগেই শাকিব ভাই আমাদের সঙ্গে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম কিংবা বাকি অন্যান্য কাস্টিং এখনো কিছু চূড়ান্ত হয়নি।’
তিনি আরো বলেন, ‘এটা আগের কোনো ছবির সিক্যুয়াল নয়।
একদমই নতুন একটা গল্প। থ্রিলার অ্যাকশন জনরার সিনেমা, এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। শুধু এতটুকু বলব, দর্শক একদম নতুন কিছু পাবেন।’
জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিং হবে।
এরপর ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে।
এর আগে ২০২৫ সালে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করে রীতিমতো বাজিমাত করেন মেহেদী হাসান হৃদয়। দারুণ ব্যবসাসফল এ সিনেমাটির পর গত ঈদুল আজহায় সিয়াম আহমেদের সঙ্গে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার তিনি আবারও শাকিব খানের সঙ্গে ফিরছেন।