০৩ জুলাই, ২০২৬
পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। এমনই ইঙ্গিত দিলেন তার বোন কাতিয়া আভেইরো।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে কানাডার টরন্টোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। স্পোর্ট টিভি পর্তুগালের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ম্যাচ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে কাতিয়া সাংবাদিকদের বলেন, এই বিশ্বকাপই হতে যাচ্ছে জাতীয় দলে রোনালদোর শেষ মঞ্চ। তবে তার এই মন্তব্য ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে নয়, পুরো বিশ্বকাপ প্রতিযোগিতাকে ঘিরে বলে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ পর্তুগাল এই বিশ্বকাপে যত দূরই যাক না কেন, প্রতিযোগিতা শেষ হওয়ার পরই আসবে সেই বিদায়।
কাতিয়া বলেন, ‘উপভোগ করুন, আমার বিশ্বাস এটাই তার বিদায়। আমার কাছে যে তথ্য আছে, তাতে এটাই তার লাস্ট ড্যান্স।’
উল্লেখ্য, গত বছর নভেম্বরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজেও বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। একচল্লিশ বছর বয়সী এই তারকা এবার নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজও বলেছিলেন, তিনি আশা করেন এটা যেন রোনালদোর লাস্ট ড্যান্স না হয়। তবে বিশ্বকাপে পর্তুগাল শেষ পর্যন্ত যে রাউন্ডই খেলুক, সেটাই হয়ে থাকবে তার শেষ ম্যাচ, ইঙ্গিত দিয়েছেন তার বোন।