ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

০৩ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে একরামুল হক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার জওগা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত একরামুল হক উপজেলার জওগা গ্রামের আবু বক্করের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। 

রাণীশংকৈল উপজেলার জওগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজের কৃষিজমিতে ধানের বীজতলা দেখতে যান একরামুল হক। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একরামুল হকের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।