শ্রীনগরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

০৩ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৯টা ২৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের পাশে রেললাইনের পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।