শ্রীপুরে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরল ২ প্রাণ

০৩ জুলাই, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি মারা গেছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাত সোয়া ২টার দিকে উপজেলার জৈনা বাজার ইউটার্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- শরীয়তপুর জেলার বাসিন্দা সোলাইমান ও কাওছার।

নিহতদের বন্ধুদের ভাষ্য, তারা চারজন দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। জৈনা বাজার ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি মাছবাহী ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছার মারা যান। পরে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি থানায় নিয়ে যায়। 

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।